নতুন
ইউনিফর্মে (পোশাক) দায়িত্ব পালন করছে পুলিশ। বুধবার পূর্বাচলে নবনির্মিত
‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) মো.
আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন পোশাকে দেখা যায়। আইজিপির
পরনে খাকি প্যান্ট আর গাঢ় নীল শার্ট এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)
কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের পরনে খাকি প্যান্ট ও হালকা জলপাই রঙের শার্ট
দেখা যায়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ
সরকার পতনের পর গঠিত অন্তর্বতী সরকার পুলিশের পোশাক পরিবর্তন করে। গত
ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর বিগত অন্তর্বতী সরকারের সিদ্ধান্ত
পরিবর্তনের কথা জানায়। গতকালই নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা গেল
পুলিশকে। অবশ্য এখনো সব পুলিশ সদস্য এই পোশাক পাননি।
অল্প সময়ের মধ্যে
সবাই নতুন পোশাক পেয়ে যাবেন জানিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক
(ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম সমকালকে বলেন, বুধবার
থেকে নতুন পোশাক পরছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব পুলিশ সদস্যের হাতে
পৌঁছয়ানি। পর্যায়ক্রমে সব সদস্যই পাবেন।
তিনি জানান, খাকি প্যান্ট ও
গাঢ় নীল রংয়ের শার্ট জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য এবং খাকি
প্যান্ট ও জলপাই রংয়ের শার্ট ব্যবহার করবেন শুধু মহানগর পুলিশ সদস্যরা।
গত
১৮ জুন পোশাকের রঙ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর। এর
মধ্যে দিয়ে ২০২৫ সালের নভেম্বরের আগের পোশাকে ফিরেছে পুলিশ বাহিনী।
প্রজ্ঞাপন
অনুযায়ী, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট।
সকল মেট্রোপলিটন পুলিশের হবে ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের এবং সকল পুলিশের
প্যান্টের রঙ হবে খাকি। এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যা ব এই
পোশাকের আওতামুক্ত থাকবে। তাদের ক্ষেত্রে পোশাক পরিবর্তন হবে না। এ
সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারো
ফিরেছে ‘খাকি’ রঙ।
