কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫৬ কোটি ৪৬ লক্ষ ৪৪ হাজার ৮৮৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর প্রশাসকের কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। এরমধ্যে উন্নয়ন ব্যয় ৩৫ কোটি ৮১ লাখ টাকা। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ১৬ হাজার ৪৭৬ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। উন্নয়ন বাজেটের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো-আরইউডিটিপি, টেকসই নগর অবকাঠামো উন্নয়ন। এছাড়াও পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর এলাকার রাস্তাঘাট মেরামত ও সম্প্রসারণ, স্ট্রিট লাইট স্থাপনসহ নানা উন্নয়নমূলক কার্যক্রমে বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় চৌদ্দগ্রাম পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, উন্নত চৌদ্দগ্রাম গড়ার লক্ষ্যে টেকসই ও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন করা হয়েছে। নাগরিকসেবা, অবকাঠামো উন্নয়ন এবং সুশাসন নিশ্চিতে বাজেটে ভারসাম্য রক্ষা করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌর বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী প্রমুখ।
