ব্রাহ্মণপাড়া
সংবাদদাতা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি
বিনষ্টের অভিযোগে মো. ইকবাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের
বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে নোংরা পরিবেশে ও
কাপড়ের রং ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে এক কারখানা মালিককে ১০ হাজার
টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে
উপজেলার সাহেবাবাদ বাজার ও সাহেবাবাদ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় পৃথক
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময়
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে। উপজেলা প্রশাসন
সূত্রে জানা গেছে, সাহেবাবাদ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় প্রকাশ্যে মাদক
সেবন করে মাতলামি এবং জনশান্তি বিঘ্নিত করার দায়ে সাহেবাবাদ ইউনিয়নের
নগরপাড় গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মো. ইকবাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের
মাধ্যমে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে সাহেবাবাদ বাজারে
পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং
কাপড়ের রং ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির অভিযোগে স্থানীয় আইসক্রিম কারখানার
মালিক মো. ফারুক মিয়া (৩৫)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন,
জনস্বাস্থ্য ও জনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে। খাদ্য উৎপাদনে অনিয়ম কিংবা মাদক সেবনসহ আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো
কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নিরাপদ
খাদ্য নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত তদারকি ও
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের
অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে
