
কুমিল্লার
চৌদ্দগ্রাম হাইস্কুলে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা
দেখার ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এই
উদ্যোগের ফলে ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মধ্যে ব্যাপক আনন্দ এবং উদ্দীপনা
বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার উপজেলা নির্বাহী
কর্মকর্তা শাহাদাৎ হোসেন চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ পরিদর্শনে যান। ওই সময়
মাঠে থাকা ফুটবলপ্রেমী তরুণেরা ইউএনও'কে কাছে পেয়ে একসাথে বড় পর্দায় খেলা
দেখার জন্য একটি প্রজেক্টরের ব্যবস্থা করে দেওয়ার আবদার জানায়।
তরুণদের
এই সুস্হ্য বিনোদন ও ক্রীড়ামুখী আবেগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন
ইউএনও শাহাদাৎ হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে
প্রজেক্টর দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মুখের কথার মাঝেই সীমাবদ্ধ থাকেনি এই
প্রতিশ্রুতি; পরিদর্শনের ঠিক পরদিনই মঙ্গলবার বিকেলে প্রজেক্টরের ব্যবস্থা
নিশ্চিত করেন। বর্তমানে চৌদ্দগ্রাম হাইস্কুলে ক্রীড়াপ্রেমী মানুষ দলবেঁধে,
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগ করছেন।
ইউএনও'র
তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীরা বলেন,
"আমাদের ছোট একটা আবদারকে ইউএনও সাহেব এত দ্রুত মূল্যায়ন করবেন তা ভাবিনি।
প্রজেক্টরের ব্যবস্থা হওয়ায় আমরা সবাই মিলে খেলার আসল আনন্দ উপভোগ করতে
পারছি। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা
শাহাদাৎ হোসেন বলেন, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে
মাঠমুখী করতে এবং সুস্থ্য বিনোদনের সুযোগ তৈরি করে দিতেই উপজেলা প্রশাসনের
পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
