জাতীয়
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ নৃত্য (বালক) বিভাগে দেশসেরা
হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লার ক্ষুদে শিক্ষার্থী নির্ঝর দাস আবির।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয়
পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সে প্রথম স্থান অর্জন করে। সে চট্টগ্রাম
বিভাগের হয়ে প্রতিযোগীতায় অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার
করে রংপুর বিভাগ এবং তৃতীয় স্থান অর্জন করে ময়মনসিংহ বিভাগ।
এর আগে
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায়ও নৃত্য
(বালক) বিভাগে প্রথম স্থান লাভ করে নির্ঝর। গত ১০ জুন চট্টগ্রাম বিভাগের
বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ড. মো.
জিয়া উদ্দিন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) ও সদস্য সচিব মো.
নূরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে
বিভাগীয় পর্যায়ে বিজয়ী হওয়ার পর চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষা
কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্ঝরের হাতে সনদপত্র ও পদক তুলে দেওয়া হয়।
জাতীয় পর্যায়ে সাফল্যের আগে সে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের
প্রতিযোগিতাতেও নৃত্য বিভাগে প্রথম স্থান অর্জন করে ধারাবাহিক কৃতিত্বের
স্বাক্ষর রেখেছে।
নির্ঝর দাস আবির কুমিল্লা নগরীর গুলবাগিচা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা মহানগরীর
ঠাকুরপাড়া বাগানবাড়ী এলাকার জীবন চন্দ্র দাস ও মাধুরী সূত্রধরের একমাত্র
সন্তান।
নির্ঝরের এই সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং সাংস্কৃতিক অঙ্গনে
আনন্দের জোয়ার বইছে। তার নৃত্যগুরু নটরাজ নৃত্যাঙ্গনের শিক্ষক অভিজিৎ সরকার
বলেন, “নির্ঝর অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জন নটরাজ নৃত্যাঙ্গন
এবং কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের জন্য গর্বের বিষয়।”
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে নির্ঝর দাস আবির কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের জন্যও নতুন সম্মান বয়ে এনেছে।
