চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসেবনের মামলায় জামিনে এসেই মামলার
বাদী ও স্বাক্ষীকে পিটিয়ে জখম করার অভিযুক্ত প্রধান আসামী মোঃ বাবুকে
গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পৌর এলাকার শ্রীপুর
গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবু ওই গ্রামের খোকন মিয়ার ছেলে। বিকেলে
তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন।
স্থানীয়
সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর
গ্রামে মাদক সেবনকালে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
আসামীরা জামিনে বেরিয়ে এসে পরদিন সকালে মাদক মামলার বাদী আবুল বাশারের ছেলে
মামলার স্বাক্ষী জুনায়েদ চৌদ্দগ্রাম বাজার এলে আসামী বাবুর নেতৃত্বে মারধর
করে। এ ঘটনায় একই দিন থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে মাদক ব্যবসায়ী বাবু
সংঘবদ্ধ দল নিয়ে যাত্রাপুরের বেশ কয়েকজনের উপর আবারো হামলা করে। এতে
জোনায়েদ হোসেন, কামরুজ্জামান সোহাগ, সাদ্দাম হোসেন, সাইম, সুমন, মামুন ও
ইকবাল হোসেন আহত হয়। এরপর চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে এক
মাদকসেবীকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে মাদক মামলার আসামী বাবুকে
গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। জনদাবির মুখে একদিনের মধ্যে
আলোচিত এই মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছে
আন্দোলকারী মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সাধারণ মানুষ।
চৌদ্দগ্রাম
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন জানান, ‘হামলার ঘটনায় প্রধান
আসামী বাবুসহ দুইজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের অভিযান
অব্যাহত রয়েছে’।
