নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি
অবৈধ ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর
চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে উপজেলার পৌর এলাকার ভিংলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা
হয়।
পরিবেশ দূষণ রোধ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান
ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পরিবেশ
অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের
সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে
জানা গেছে, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ওই এলাকার এইচবিসি ব্রিকস
ও একতা ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ভাটা দুটির
মালিককে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভেকু দিয়ে
ভাটাগুলোর চিমনি ও ইট পোড়ানোর কিলন গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ফায়ার
সার্ভিসের সহায়তায় ভাটার আগুনও নিভিয়ে ফেলা হয়।
এইচবিসি ব্রিকসের মালিক
সবুর ভূঁইয়া অভিযোগ করে বলেন, হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার
ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি ৪২ বছর ধরে এখানে ব্যবসা করছি। আইনকে শ্রদ্ধা
জানিয়েই ব্যবসা পরিচালনা করেছি। কেউ বলতে পারবে না যে আমি কারও ক্ষতি
করেছি। তারপরও আমার ইটভাটাটি ভেঙে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন
পরিবেশ অধিদপ্তর কুমিল্লার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ।
তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা ও পরিবেশ আইন অমান্য করে কোনো ইটভাটা
পরিচালনা করা যাবে না। যেসব ইটভাটার বৈধ কাগজপত্র ও ছাড়পত্র নেই, সেগুলোর
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ইটভাটা মালিকদের প্রয়োজনীয়
লাইসেন্স ও ছাড়পত্র নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া
হয়েছে।
