নিজস্ব
প্রতিবেদক: হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস
বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ওই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন
হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মঞ্জুর আহমেদ।
নিহত শিশু রাব্বি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। হামের
উপসর্গ নিয়ে গত ৯ মে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে
ভর্তি করা হয়। এ নিয়ে কুমিল্লাতে হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর
মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ জানান, হাসপাতালটির হাম আইসোলেশন ইউনিটে বর্তমানে ৬৯ জন শিশুরোগী ভর্তি রয়েছে।
জেলা
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট হাম ও হাম উপসর্গপ
আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫ শত। তার মধ্যে ১ শ জন নিশ্চিত হাম রোগে
আক্রান্ত বলে জানিয়েছে দপ্তরটি। জেলা এপর্যন্ত ১ হাজার ৭৮ জন হাম ও উপসর্গে
রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন
৯৩৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন।
