নিজস্ব
প্রতিবেদক: রঙে, রেখায় ও অনুভূতির মেলবন্ধনে কুমিল্লায় অনুষ্ঠিত হতে
যাচ্ছে ব্যতিক্রমধর্মী শিল্পপ্রদর্শনী ‘নারীর শিল্পভাষা’। আগামী ১৪ মে থেকে
তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি
প্রাঙ্গণে।
দৈনন্দিন জীবনের ব্যস্ততা, সংসারের নানা দায়িত্ব এবং সময়ের
সীমাবদ্ধতার মাঝেও নিজেদের সৃজনশীলতার ভুবন নির্মাণ করেছেন একদল নারী
শিল্পী। তাঁদের শিল্পচর্চা হয়ে উঠেছে অনুভব, অন্তর্দৃষ্টি ও জীবনের গভীর
অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। প্রতিটি শিল্পকর্মে ফুটে উঠবে নারীর নীরব
আত্মপ্রকাশ, রঙের ভাষায় বলা অজস্র না বলা গল্প।
এই বিশেষ প্রদর্শনীতে
অংশ নিচ্ছেন মোট আটজন নারী শিল্পী। তাঁদের বহুমাত্রিক শিল্পকর্মে সাজানো এ
আয়োজন শিল্পপ্রেমীদের জন্য হয়ে উঠবে অনুভব ও সৌন্দর্যের এক অনন্য মিলনমেলা
বলে আশা করছেন আয়োজকরা।
আগামী ১৪ মে বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের
মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন ইউসুফ মোল্লা টিপু।
প্রদর্শনী চলবে ১৪, ১৫ ও ১৬ মে
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন বিকাল ৫টা
থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘শিল্প আড্ডা’।
আয়োজকরা জানান, শিল্পপ্রেমী ও সংস্কৃতিমনা সকল মানুষকে এ আয়োজন উপভোগের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
