কুমিল্লার
হোমনায় পুলিশের বিশেষ অভিযানে একটি সাদা রঙের প্রাইভেটকারসহ ৬০ কেজি গাঁজা
উদ্ধার করা হয়েছে। ১২ মে সকাল ১০টার দিকে হোমনা থানার এসআই (নিঃ) মোসলেহ
উদ্দিন ও এএসআই (নিঃ) আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাথাভাঙ্গার সাদ্দাম
বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ
জানায়, ‘ছিনাইয়া’ এলাকা থেকে আসা ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে
থামানোর সংকেত দিলে গাড়িটি না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে পুলিশের
ধাওয়া খেয়ে মেঘনা থানার মানিকারচর বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি ফেলে
চালকসহ অন্যরা পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত প্রাইভেটকারটি তল্লাশি করে
গাড়ির পেছনের কেবিনেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা
হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
পুলিশ
আরও জানায়, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত
মাদকদ্রব্য ও গাড়ির বিষয়ে হোমনা থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া
চলমান রয়েছে।
