কুমিল্লার
বুড়িচং উপজেলায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির সময় আড়াই হাজার লিটার ডিজেল
জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে তা নিলামে বিক্রি করা হয়। বুধবার উপজেলার
কালিকাপুর বাজার থেকে এসব তেল জব্দ করা হয় বলে জানান বুড়িচং উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
তিনি বলেন, গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে ঘটনার দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযান
চালানো হয়। অভিযানে এজেন্সির বাইরে ‘জনপ্রিয় ট্রেডার্স’ নামের একটি
প্রতিষ্ঠান কোনো ধরনের চালান ও রশিদ ছাড়াই তেলের গাড়ি থেকে ডিজেল বিক্রি
করছিল।
এ সময় জনপ্রিয় ট্রেডার্সের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা
হয়; যা তাৎক্ষণিক আদায় করা হয়। এ ছাড়া জব্দ করা দুই হাজার ৫০০ লিটার ডিজেল;
যার বাজারমূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে জব্দ করা জ্বালানি
নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত হয়।
নিলামে অংশ নেওয়া দুটি
প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা মেসার্স জিসান ফুয়েল স্টেশন ও ভরসার
বাজারের মালিক মো. আব্দুস সালামের কাছে দুই লাখ টাকায় ডিজেল বিক্রি করা হয়
বলে জানান ইউএনও তানভীর।
জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
