নিজস্ব
প্রতিবেদক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে
নির্বাচিত কুমিল্লার মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য এবারের ঈদুল ফিতর এক
ভিন্ন আবহ নিয়ে এসেছে। দীর্ঘ রাজনৈতিক ব্যস্ততা, নির্বাচনী উত্তাপ আর
জনসম্পৃক্ততার পর প্রথম ঈদ স্বাভাবিকভাবেই তা ঘিরে সাধারণ মানুষের আগ্রহও
তুঙ্গে। কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন, সেই কৌতূহল যেন ছড়িয়ে পড়েছে গ্রাম
থেকে শহর, চা-স্টল থেকে সামাজিক আড্ডায়।
মানুষের জানার আগ্রহের কথা
চিন্তা করে সংসদ সদস্য, সদস্যদের নিকটতম নেতাকর্মী এবং ব্যক্তিগত সহকারীর
সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার তিন মন্ত্রীর মধ্যে কৃষি, খাদ্য, মৎস্য
ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আমিনুর রশিদ নিজ জেলার
মানুষের সঙ্গে মিলিত হতে বেছে নিয়েছেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ
মাঠ।যেখানে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের সঙ্গে এক কাতারে
দাঁড়িয়ে নামাজ আদায় করবেন।অন্যদিকে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ও
ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ রাজধানীর জাতীয়
ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের জামাতে শরিক হবেন। একইভাবে
কুমিল্লা-৮ বরুড়া আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের
মন্ত্রী জাকারিয়া তাহের সুমনও ঢাকার জাতীয় ঈদগাহ মাঠেই ঈদের নামাজ আদায়
করার সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য ও
জামায়াতের নায়েবে আমির, সংসদীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
ঢাকায় ঈদের জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া কুমিল্লা-১
দাউদকান্দি-মেঘনা আসনের প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সভাপতি ড.
খন্দকার মোশাররফ হোসেন তার নির্বাচনী এলাকার দাউদকান্দি মডেল মসজিদ
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেবেন। যেখানে এলাকার মানুষদের সঙ্গে
কুশল বিনিময়ের মধ্য দিয়ে তিনি ঈদের আনন্দ ভাগ করে নেবেন। কুমিল্লা-২
হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হোমনা উপজেলা ঈদগাহ
মাঠে নামাজ আদায় করবেন। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও জাতীয়
নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার
থানা ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেবেন, যা রাজনৈতিক ভিন্নতা ভুলে
একাত্মতার বার্তা দেবে। কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য
জসীমউদ্দীন তার নির্বাচনী এলাকার দরিয়ারপাড় কেন্দ্রীয় ময়দানে ঈদের নামাজ
আদায় করবেন। গ্রামবাংলার চিরচেনা ঈদের সেই চিত্রে মিলবে সহজ-সরল আনন্দের
ছোঁয়া। কুমিল্লা-৬ সদর ও সদর দক্ষিণ আসনের সংসদ সদস্য মনিরুল হকের চৌধুরী
পারিবারিক কারণে দেশের বাইরে অবস্থান করায় তিনি সিঙ্গাপুরে বড় মেয়ের বাসায়
থেকেই ঈদের আনন্দ উদযাপন করবেন। কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য
আতিকুল আলম শাওন চান্দিনার মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম লাকসামের নিজ
গ্ৰাম পাশাপুর ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেবেন। কুমিল্লা-১০
নাঙ্গলকোট-লালমাই আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া নিজ গ্রামের
নিশ্চিন্তপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করে এলাকাবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগ
করে নেবেন।
