প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে পাওয়া একচল্লিশ লাখ ষাট হাজার টাকার আর্থিক ঈদ উপহার পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল এ নিয়োজিত কর্মীরা। নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি কর্পোরেশন এর ৮৩৩ জন কর্মীকে এই আর্থিক উপহার তুলে দেন। মঙ্গলবার সকালে কুমিল্লার পৌর উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেকের হাতে ৫ হাজার নগদ টাকা তুলে দেন প্রশাসক। এসময় ঈদ সামনে রেখে প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহারের অর্থ পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে সবাই দাঁড়িয়ে এক মিনিট হাততালি দেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতী, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার।
অনুষ্ঠানের সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীর পরিছন্নতা কর্মীদের পারিবারিক ও সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব, আর তাদের দায়িত্ব কুমিল্লা সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন রাখা। প্রধানমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে এই উপহার পাঠিয়েছেন। আগামী তিন মাসের মধ্যে কুমিল্লাকে গ্রীন ও ক্লিন সিটিতে রূপান্তরিত করার সাদৃশ্যতা দেখা যাবে।
এদিকে ঈদের আগে উপহার হাতে পেয়ে খুশি কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, সিটি কর্পোরেশন স্থাপনের পর এই প্রথম ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পেলাম।
