কুমিল্লার বরুড়া উপজেলায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান -এর কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। বরুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ পারভেজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক দলসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করবে এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।
তারা আরও জানান, বরুড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
