কুমিল্লা-নোয়াখালী
আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ট্রাকের চাপায়
পিষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার উত্তরদা ইউনিয়নের
রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং তাঁর
বড়বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের
স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।
ওইদিন ইফতারের ১০-১২ মিনিট পূর্বে উত্তরদা
ইউপির রাজাপুর দরবার শরীফের গেইট সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক
মহাসড়কের খিলা উত্তর বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, ওই দুইবোন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসার জন্য সড়ক পার
হচ্ছিলো। ওই সময় একটি দ্রুতগতির ট্রাকের (ঢাকা মেট্রো- ট ১৪-৯০০৭) ধাক্কায়
তারা সড়কের ওপর ছিটকে পড়ে এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা
যান দু'বোন।
লাকসাম হাইওয়ে ক্রসিংয়ের অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনায় দুই নারী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
