নামজারি, খতিয়ান
ফি ও মৌজা ম্যাপের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি সাধারণ মানুষের সামনে
স্পষ্টভাবে তুলে ধরতে ভূমি অফিসে দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের
মাধ্যমে টাঙিয়ে রাখতে হবে।
ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে।
চিঠিতে
বলা হয়, চার ফুট বাই আড়াই ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা
প্রদর্শন করতে হবে। নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত ও ভোগান্তি
কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নামজারি ফি
নামজারির ক্ষেত্রে সরকার
নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা। আর নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা
হালকরণ ফি এক হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা।
খতিয়ান ফি
সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য দিতে হবে ১২০ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা পরিশোধ করতে হবে।
মৌজা ম্যাপের ফি
মৌজা ম্যাপের প্রতি সিটের জন্য ৫৪৫ টাকা দিতে হবে। আর ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা দিতে হবে।
নির্ধারিত ফি ছাড়া অন্য কোনও ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি
উন্নয়ন করসহ সব ভূমিসেবা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করা যাবে। কোনও প্রকার
নগদ লেনদেন না করার জন্য সব নাগরিককে অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
তারা বলেছে, অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ জানানো যাবে।
