চট্টগ্রামের
হালিশহরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শাখাওয়াত হোসেন
(৪৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে
পাঁচজনে দাঁড়িয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাখাওয়াত।
বার্ন
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, হালিশহরের ওই একই ঘটনায় দগ্ধ আরও তিনজন
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের শরীরই গুরুতরভাবে
দগ্ধ এবং সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনিস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “শাখাওয়াতের শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল।”
উল্লেখ্য,
গত কয়েকদিন আগে চট্টগ্রামের হালিশহরে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার
বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একই পরিবারের সদস্যসহ ৯ জন
দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
