বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক মেঘনা গড়ে তুলতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) কুমিল্লার মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ড.খন্দকার মারুফ হোসেন এই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভার সভাপতি এবং মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার ফুলেল শুভেচ্ছা জানিয়ে ড.খন্দকার মারুফ হোসেনকে বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ মেঘনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও অপরাধ দমন, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বিভিন্ন উন্নয়ন এবং জননিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন বিষয়ের উপর অতীব গুরুত্বারোপ করেন।
তিনি(ড.খন্দকার মারুফ) সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মনে রাখতে হবে আপনারা জনগণের সেবক। আপনাদের আচার আচরণ ও সকল সরকারী কর্মকান্ডে সেবার মনোভাব পোষণ করতে হবে। তাহলেই কেবল আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ ও আধুনিক মেঘনা উপজেলা গড়ে তুলতে সহায়ক হবে।
সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার। এতে মেঘনা উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
ড. খন্দকার মারুফ সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ মেঘনা গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
