গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
কুমিল্লার
বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের রেল সড়ক সংলগ্ন কৃষি জমি থেকে অবৈধভাবে
খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা
করেছে উপজেলা প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে মাটিবাহী একটি ১০ চাকার ড্রাম
ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার
(২২ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ট্রাক ফেলে পালিয়ে যায় বলে
জানিয়েছে প্রশাসন।
একই রাতে কালিকাপুর-বুড়িচং সড়কে পৃথক অভিযানে
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সুজন নামের এক মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা
জরিমানা করা হয়। এসময় বুড়িচং থানার এসআই মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ
পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে
সীমান্তবর্তী আনন্দপুর এলাকায় সরকারি জায়গাসহ বিভিন্ন এলাকায় কৃষি জমির
মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির
উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে
পড়ছে। মাটিবাহী ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়কও
ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, খননযন্ত্র দিয়ে কৃষি
জমির মাটি কেটে বিক্রি করার কোনো বৈধতা নেই। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে
পাওয়া না গেলেও মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানা পুলিশের
হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া
চলমান রয়েছে।
