মাঠের রাজনীতি থেকে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘ পথচলায় এবার যুক্ত হলো নতুন মুকুট। ষষ্ঠবারের মতো সংসদ সদস্য এবং প্রথমবারের মতো ধর্মমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শুক্রবার নিজ জনপদ মুরাদনগরে পা রাখছেন গণমানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তাঁর এই সফরকে কেন্দ্র করে গোমতী পাড়ের এই জনপদে এখন উৎসবের আমেজ, বইছে আনন্দের জোয়ার।
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তাঁর প্রথম সরকারি সফর। যদিও সফরসূচি অনুযায়ী তিনি পারিবারিক কর্মসূচিতে অংশ নেবেন, কিন্তু প্রিয় নেতাকে বরণ করে নিতে মুখিয়ে আছেন সর্বস্তরের মানুষ।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকার তালতলা বাসা থেকে সড়কপথে মুরাদনগরের উদ্দেশ্যে রওনা। সকাল সাড়ে ৯টায় মুরাদনগরের নিজ বাসভবনে অবস্থান। দিনভর স্বজন ও শুভাকাঙ্খীদের সঙ্গে সময় কাটিয়ে বিকেল ৫টায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন তিনি।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, কায়কোবাদের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়, বরং পুরো মুরাদনগরবাসীর। রাজপথের লড়াই-সংগ্রাম আর ধারাবাহিক নির্বাচনী সাফল্যের স্বীকৃতি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তাঁরা গর্বিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের সংসদ নির্বাচনে তাঁর এই বিশাল জয় এবং মন্ত্রিসভায় স্থান পাওয়া এলাকায় তাঁর সুসংহত অবস্থানেরই বহিঃপ্রকাশ। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যেমন স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করেছেন, তেমনি এবার রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় সম্প্রীতি ও ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে শুক্রবার মুরাদনগর শুধু একজন সংসদ সদস্যকে নয়, বরং ঘরের ছেলেকে ‘মন্ত্রী’ হিসেবে বরণ করে নিতে এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।
