গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন আজ শুক্রবার (২০
ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে দুই দিনের সরকারি সফরে কুমিল্লা
জেলায় আসছেন। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) এ.বি.এম. সাদিকুর রহমান
স্বাক্ষরিত সফরসূচি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সরকারি সূত্রে
জানা যায়, শুক্রবার সকাল ৯টায় রাজধানীর মহাখালীস্থ ডিওএসএইচ এলাকার নিজ
বাসভবন থেকে সড়কপথে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী। সকাল সাড়ে
১১টায় কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছে তিনি কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগীয়
মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি বিভাগের পরিচালক ও সংশ্লিষ্ট
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ বৈঠকে চলমান প্রকল্প, উৎপাদন, সরবরাহ
ব্যবস্থা এবং মাঠপর্যায়ের সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুপুরে
তিনি কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরে জেলার
বারপাড়া ইউনিয়নের পরানপুরে নিজ বাসভবনে যাবেন এবং আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর
গ্রামে স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিকাল ৫টায় কুমিল্লা রাণীর
বাজার এলাকার জামিয়া রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন
করবেন।
সন্ধ্যায় ধর্মসাগর এলাকায় নিজ বাসভবনে অবস্থান শেষে রাত সাড়ে
১১টায় কুমিল্লা টাউন হল মাঠে ভাষা শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে
অংশগ্রহণ করবেন। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ
অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
সফরের
দ্বিতীয় দিন শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ধর্মসাগর এলাকা থেকে সাবেক
সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া
চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বেলা ১১টায় মৎস্য ও প্রাণীসম্পদ, খাদ্য ও
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে
অংশ নেবেন।
সকাল সাড়ে ১১টায় কুমিল্লা সার্কিট হাউসে প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হবে। দুপুরে ধর্মসাগরের দক্ষিণপাড়ে সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
শেষে বিকাল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।মন্ত্রী সফরকে
ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে জেলা প্রশাসন ও
সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক
অঙ্গনেও সফরকে ঘিরে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
