নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা
মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ
সম্পাদক ভিপি জসিম উদ্দিনের জানাজায় অংশ নিতে শুক্রবার বাদ জুমা কুমিল্লা
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মানুষের ঢল। সাধারণ মুসল্লি ছাড়াও তার দীর্ঘদিনের
রাজনৈতিক সহকর্মী, বন্ধু, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা জানাজায় অংশ নেন।
প্রথম
জানাজা শেষে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে নিয়ে আসা হয় মরহুম ভিপি
জসিম উদ্দিনের কফিন। সেখানে ফুলেল শ্রদ্ধা জানায় বিএনপি ও অঙ্গসংগঠনের
নেতৃবৃন্দ।
এর আগে কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজার প‚র্বে মরহুমের স্মৃতির
প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত
উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, সাংগঠনিক
সম্পাদক অধ্যক্ষ সেলিম ভ‚ঁইয়া, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক
মোস্তাক মিয়া কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ
জেলা বিএনপির সভাপতি জাকরিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল
বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির
প্রতিষ্ঠাতা সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে
হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ভিপি জসিম
ভালো মানুষ ছিলেন। রাজনৈতিক জীবনে বিএনপির জন্য তার বহু ত্যাগ রয়েছে।
রাজনীতি করতে গিয়ে নানান সময় হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। চলার
পথে কোন ভুলত্রুটি থাকলে সবাইকে ক্ষমা করার অনুরোধ করেন তিনি।
কেন্দ্রীয়
বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আবেগঘন কণ্ঠে বলেন, জসিমের
পরিবারের সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক। সবাইকেই একদিন এই পথেই যেতে হবে।
আজকের জানাজা প্রমাণ করেছে তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা সবাই তার
আত্মার মাগফিরাত কামনা করছি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি শোক জানাচ্ছি। বিএনপি
সবসময় জসিমের পরিবারের পাশে থাকবে।
কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের
বক্তব্য শেষে জানাজার ময়দানে ভিপি জসিমের বড় ছেলে ইশান কান্নাজড়িত কণ্ঠে
বলেন, আমার বাবা সমাজে একজন ভালো মানুষ ছিলেন এটা সবার কথায় স্পষ্ট। সবার
দুঃখ,কষ্টে সহযোগিতায় থাকতেন সবসময়। বাবার জন্য সবার কাছে দোয়া চাই। আর বড়
ভাই মাইন উদ্দিন বলেন, ভাইয়ের কোনো ভুল-ত্রুটি থাকলে ক্ষমা করবেন, দোয়া
করবেন।
এরপর বাদ আছর ধর্মপুর জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন
ধর্মপুর জামে মসজিদের খতিব মাওলানা রফিক ইসলাম হেলালী। এরপর হাজারো মানুষের
ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ ভিপি
জসিম উদ্দিন চিরনিদ্রায় শায়িত হোন।
কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজায় উপস্থিত
ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর
স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ কুমিল্লার
জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
