নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি
উদবাতুল বারী আবু। গতকাল রবিবার মন্ত্রণালয়ে যোগদানের মাধ্যমে তিনি নতুন
দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কুমিল্লার পরিকল্পিত
নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে
কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা আশা
প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরও
গতিশীল হবে এবং নগর উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।
এর আগে গত
বৃহস্পতিবার নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান হিসেবে
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারীকে এক বছরের জন্য
চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত
প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা
থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর
ধারা ৮ (১) অনুযায়ী উদবাতুল বারী আবুকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের
চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য
কোনো পেশা, ব্যবসা বা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক
ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন
উদবাতুল বারী। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা
হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা
হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
