কুমিল্লার
চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ এক নারীকে আটক
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৩ জুন) দুপুরে কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবেরবাজার বিওপির টহলদল এ অভিযান
পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও
চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শিবেরবাজার বিওপির সদস্যরা
দায়িত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনা করছিলেন। এ সময় সীমান্ত থেকে প্রায় এক
কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপির গেইটসংলগ্ন সড়কে একটি
যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে অটোরিকশায় থাকা
মোছা. বেগম (স্বামী- মৃত খালেক মিয়া) নামের এক নারীর কাছ থেকে ১৯ কেজি
গাঁজা উদ্ধার করা হয়। তিনি চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষ্মীপুর ডাকঘর এলাকার
বাডবাড়ি গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার ৫০০ টাকা।
আটক নারী ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান
এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
