নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৩ জুন) রাতে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে
কবরী আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে
৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে,
গ্রেফতারকৃত কবরী আক্তার কুমিল্লার কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর গ্রামের
বাসিন্দা এবং রুবেল মিয়ার স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে
সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে
পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে
র্যাব।
র্যাব-১১ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ
অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের
অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
