ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান
চালক নিহত হয়েছেন। এছাড়া যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রায় ১৫ জন আহত
হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে দাউদকান্দি উপজেলার রায়পুর ও মালীখীল
এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি
কাভার্ডভ্যান রায়পুর এলাকায় সামনে থাকা একটি যানবাহনকে পেছন থেকে ধাক্কা
দেয়। এতে কাভার্ডভ্যানটির চালক সেলিম আহমেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়।
অপরদিকে মহাসড়কের মালিখীল এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী
তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে লাব্বাইক পরিবহনের একটি
বাসকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে লাব্বাইক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে
পাশের সড়কে থাকা আটটি সিএনজি অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে বাস ও অটোরিকশার
অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
সন্ধ্যায়
হাইওয়ে পুলিশের দুটি রেকার দুর্ঘটনাকবলিত তিশা ও লাব্বাইক পরিবহনের বাস
দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যানবাহন দুটি বর্তমানে পুলিশের হেফাজতে
রয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার
মজুমদার বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
