
কুমিল্লার
লাকসাম পৌরশহরের হাউজিং এস্টেট এলাকার এক ব্যবসায়ীর বাসা থেকে নগদ দুই
লক্ষাধিক টাকা চুরির অভিযোগে মাসুদ রানা (৩০) নামে এক যুবককে লাকসাম থানা
পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই যুবক উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম
গ্রামের এমরান হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১১ জুন) লাকসাম থানা পুলিশ তাঁকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
লাকসাম
থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী অভিযুক্ত ওই যুবককে
কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম
থানায় দায়েরকৃত মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের হাউজিং এস্টেটের
বাসিন্দা দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী সালেহা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো.
আবদুল্লাহ আল মামুনের বাসায় গত ৯ জুন রাতে চুরি সংঘটিত হয়। চোরেরদল ঘরের
আলমারির ড্রয়ার ভেঙ্গে ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। ওই ঘটনায় তিনি
লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে
সন্দেহভাজন হিসেবে ওই যুবককে শনাক্ত এবং গতকাল বুধবার (১০ জুন) গভীর রাতে
গ্রেপ্তার করে। ওই সময় তাঁর ঘরে তল্লাশী চালিয়ে নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার
করেন পুলিশ। তাঁর বিরুদ্ধে পূর্বে থানায় আরও ৪টি চুরির মামলা রয়েছে বলে
পুলিশ জানিয়েছেন ।
এই ব্যাপারে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে লাকসাম
থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, চুরির ঘটনায়
দায়েরকৃত মামলার আসামীকে গ্রেপ্তার এবং নগদ ৪৫ হাজার টাকা করা হয়েছে।
ওসি
জানান, গ্রেপ্তারকৃত ওই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ
ছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া বাকি টাকা
উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
