ব্রাহ্মণবাড়িয়ায়
সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পুশইন ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের
পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে রাতের বেলায়ও
সতর্কতামূলক মাইকিং করছে বিজিবি-২৫। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়ার
একাংশ এবং হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় গেল কয়েকদিন ধরে এ
মাইকিং চলছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা
নেওয়ারে কথা বলা হচ্ছে মাইকিংয়ে।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে
বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে আরও বেশি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ২৫
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। এ
বিষয়ে জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, ২৫
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধসহ মাদক ও
পণ্যচোরাচালন ঠেকাতে বিজিবি সদস্যরা সদা তৎপর রয়েছেন। এছাড়া গোয়েন্দা
নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো অবস্থাতেই ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ
এলাকা দিয়ে অবৈধ পুশইন করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার
কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের
ত্রিপুরা রাজ্যের সঙ্গে। অতীতে এসব সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে
পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
