লাকসাম
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনয়ই গ্রামের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর
অবসরপ্রাপ্ত সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান'র দাফন
রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে
৯টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ওই বীর সেনানীর প্রতি বিনম্র অতল
শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে বিকেলে উপজেলা প্রশাসনের
পক্ষ থেকে লাকসাম থানা পুলিশের একটি দল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর
মুক্তিযোদ্ধা মরহুম মো. সিদ্দিকুর রহমান'র কফিনে জাতীয় পতাকা আবৃত করে
গার্ড অনার প্রদান করেন।
এ সময় লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী
কামরুন্নাহার লাইলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লাকসাম উপজেলা কমান্ড
কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চেয়ারম্যান, কুমিল্লা
জেলা জজ আদালতের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক
প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ বদিউল আলম সুজন অ্যাডভোকেটসহ এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সিদ্দিকুর
রহমান বার্ধক্যজনিত কারণে ওইদিন দুপুর পৌনে ১টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল
করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। একইদিন রাতে বিনয়ই ঈদগাহ মাঠে
জানাযা অনুষ্ঠান শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা মো.
সিদ্দিকুর রহমান স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে
গেছেন।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর
রহমান'র মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লাকসাম উপজেলা কমান্ড
কাউন্সিল গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
