
আমাদের দেশে প্রতিবছর প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা; আমরা তা নিয়ন্ত্রণ করতে পারিনি। কিন্তু পারতে আমাদের হবেই। সেজন্যই আমাদের সরকার, আমাদের দায়িত্ব পালন; আমাদের প্রচেষ্টা।
শুক্রবার দুপুরে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমার কাছে মনে হয়েছে দুটি জায়গায় ব্যাপক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। এর একটি হচ্ছে আনফিট পরিবহন এবং অপরটি হচ্ছে চালকের অদক্ষতা ও অযোগ্যতা। পাশাপাশি জনগণের সচেতনতার কিছু অভাব আছে সেটি অস্বীকার করছি না। এই তিনটি জায়গাকে যদি আমরা ঢেলে সাজাতে পারি; হাইওয়ে রোড এবং রেল- সেখানে যে ক্রসিং আছে, ইন্টার সেকশন আছে; সেখানে কিছু ওভারপাস- আন্ডারপাস আমরা যদি করতে পারি; ইউলুপগুলো যদি পর্যাপ্ত ভাবে করা যায় আর জনগণ যদি সচেতন হয়ে রাস্তা পারাপার হন তবেই কেবল এই দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
পরিবহন সেক্টরে দায়িত্ব পালনকারী সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা বাস চালকদের সচেতনতা দেখতে চাই, বাস মালিকরা আনফিট বাস সড়কে আনবেন না- সে বিষয়টি দেখতে চাই। দক্ষ চালকদের হাতে আপনার বাস তুলে দিবেন- সেটির কার্যকর পদক্ষেপ দেখতে চাই।
নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের যে দায়িত্ব আছে তা পালনের জন্য আমি, প্রতিমন্ত্রী এবং সচিব যারা আছেন সবাই কাজ করছি। আমি স্বীকার করছি আমাদের দায়বদ্ধতা আছে। আমাদের জবাবদিহিতা আছে। আপনারা রাষ্ট্রের মালিক, অবশ্যই আপনারা তা আমাদের কাছে জানতে চাইবেন; কার্যকর পদক্ষেপ চাইবেন- এটা আপনাদের ন্যায্য অধিকার এবং আমরা সেটা করতে বাধ্য। এ সরকার আপনাদের মেজরিটি ভোটে নির্বাচিত সরকার। সরকার আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটি মাল্টি মডার্ন যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশে আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যেই কাজ করছি। সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে ব্রত আছি।
এখানে যারা উপস্থিত আছেন, সড়ক দুর্ঘটনায় আপনারা অনেকেই স্বজন হারিয়েছেন সেজন্য আমি সকলের প্রতি সহমর্মিতা পোষণ করছি।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
