
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সাইকেল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান
করে ইয়াছিন আরাফাত(১৪) নামে এক মাদরাসা ছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার
বিকেলে শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই
গ্রামের মরহুম আবুল হাশেম ও নাছিমা বেগমের ছেলে। মৃত্যুর তথ্যটি নিশ্চিত
করেছেন থানার উপ-পরিদর্শক লিটন চাকমা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে,
কাছারিপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্র ইয়াছিন আরাফাত দীর্ঘদিন ধরে
মায়ের কাছে একটি নতুন বাই সাইকেল কিনে দেয়ার জন্য বলে। টাকা না থাকায় তাঁর
মা এখন সাইকেল কিনে দিতে পারবে না বলে জানায়। কিন্তু শুক্রবার বিকেলে
ইয়াছিন আরাফাত অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমার নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার
শেষে থানায় নিয়ে আসে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক লিটন চাকমা
শুক্রবার রাতে বলেন, লাশটি উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য
শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
