নিজস্ব
প্রতিবেদক।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী পুলিশ ফাঁড়ি এলাকায়
জনসাধারণের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের
উদ্বোধন করেছেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তিনি এ নির্মাণ
কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা,
কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল
আলম রায়হান এবং সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম
ভূঁইয়া।
ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, আমতলী ও ক্যান্টনমেন্ট
এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি ফুটওভার ব্রিজ নির্মাণ।
মহাসড়ক পারাপারে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকতে হতো সাধারণ মানুষ ও
শিক্ষার্থীদের। ব্রিজটি নির্মাণ হলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীর
নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত হবে। আগামী ডিসেম্বরের আগেই ফুটওভার ব্রিজটি
সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
বক্তব্যে তিনি
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সমালোচনা করে বলেন, যে ব্যক্তি
শিক্ষার্থীদের সমস্যার কথা যথাযথভাবে তুলে ধরতে পারেন না কিংবা
শিক্ষার্থীদের অভিযোগ শুনতে পারেন না, তার কলেজের প্রিন্সিপাল বা সভাপতি
পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। দায়িত্বশীল পদে থেকে জনস্বার্থে কথা বলতে
না পারা ব্যর্থতার পরিচয়।
কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল
কাইয়ুম বলেন, মহাসড়কের আমতলী এলাকায় রাস্তা পারাপারে স্থানীয় বাসিন্দা ও
শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ছিল। এই ফুটওভার ব্রিজ নির্মাণ হলে
মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আমরা আশা করছি।
এদিকে সড়ক ও জনপথ
বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ফুটওভার ব্রিজের
নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর মানুষকে ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে
মহাসড়কের ডিভাইডারে দীর্ঘ ব্যারিয়ার স্থাপন করা হবে। এর ফলে পথচারীরা
সুশৃঙ্খলভাবে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বাধ্য হবেন।
