
দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর হ্যাটট্রিকে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ফর্টিস এফসিকে হারিয়েছে বসুন্ধরা কিংস। দারুণ এই জয়ে বাংলাদেশ ফুটবল লিগ টেবিলে এককভাবে শীর্ষে ফিরেছে তারা। দিনের অন্য ম্যাচে স্বস্তির জয় তুলে নিয়ে শিরোপা লড়াইয়ে টিকে আছে আবাহনী লিমিটেডও।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার ফর্টিস এফসিকে ৩-২ গোলে হারায় বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে আবাহনী।
লিগ টেবিলে লড়াই চলছে তিন দলের মধ্যে। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস; ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফর্টিস এফসি, তৃতীয় স্থানে আবাহনী আছে ১৯ পয়েন্ট নিয়ে।
কিংস অ্যারেনায় ১৯তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওনিয়েকাচি ওকাফরের গোলে বসুন্ধরা কিংসকে চমকে দেয় ফর্টিস। পাঁচ মিনিট পরই সফল স্পট কিকে কিংসকে সমতায় ফেরান দোরিয়েলতন। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসনকে বক্সে আব্দুল্লাহ ওমর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
বিরতির পর আক্রমণ, পাল্টা আক্রমণের ধারা বজায় থাকে। ৫২তম মিনিটে ফয়সাল আহমেদের ক্রসে নিখুঁত প্লেসিংয়ে জাল খুঁজে নেন দোরিয়েলতন। ৭৫তম মিনিটে কর্নারে উড়ে আসা বল দারুণ শটে জালে জড়িয়ে সমতা ফেরানোর সাথে ম্যাচও জমিয়ে দেন নেপালি ফরোয়ার্ড অনন্ত তামাং।
ফর্টিসের এই স্বস্তিও উবে যেতে সময় লাগেনি। তিন মিনিট পরই পায়ের কারিকুরিতে ডিফেন্ডারদের বোকা বানিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন। এই ব্যবধান বাকি সময়ে ঘোচাতে পারেনি ফর্টিস এফসি।
মুন্সিগঞ্জে ম্যাচের পঞ্চম মিনিটে এমেকা ওগবাহর গোলে এগিয়ে যায় আবাহনী। ব্রাদার্সের সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় ৫৯তম মিনিটে, ইব্রাহিমা বারি পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলে।
৭০তম মিনিটে মুরাদ হাসানের পাস ধরে এমেকা ব্যবধান দ্বিগুণ করলে সহজ জয়ের পথেই ছিল আবাহনী। ৮৭তম মিনিটে পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোসতের গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় ব্রাদার্স, কিন্তু পরে আর সমতাসূচক গোলের দেখা পায়নি গোপীবাগের দলটি।
