
কমনওয়েলথ
টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আগামী ১৭ থেকে ২১ জুলাই ভারতের নয়াদিল্লিতে
অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জাতীয় দল গঠনের
প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। যার অংশ হিসেবে
ফেডারেশন প্রাথমকিভাবে ৩২ জন খেলোয়াড় ডেকেছে। আগামী ১ থেকে ৪ এপ্রিল হবে
জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনের ট্রায়াল। রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর
স্টেডিয়ামে এই সিলেকশন ট্রায়ালে জাতীয় পুরুষ ও মহিলা বিভাগের শীর্ষ ১৬ জন
করে মোট ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই
সিলেকশন ট্রায়াল থেকে উভয় বিভাগে শীর্ষ ৬ জন করে মোট ১২ জন খেলোয়াড়কে নিয়ে
প্রায় আড়াই মাসের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে টেবিল টেনিস
ফেডারেশন। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে ৫ সদস্যের একটি পুরুষ দল এবং ৫
সদস্যের একটি নারী দল কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য
নির্বাচন করা হবে।
প্রশিক্ষণ ক্যাম্পের জন্য আন্তর্জাতিকমানের কোচ
নিয়োগ দেবে ফেডারেশন। এ জন্য ভারতের একাধিক কোচের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সবকিছু ঠিকঠাক ভাবে হলে আগামী এপ্রিল থেকেই কমনওয়েলথ মিশনের প্রস্তুতি
শুরু করবে ফেডারেশন।
বিটিটিএফের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ
আহমেদ সনেট বলেন, অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দল গঠনের
ক্ষেত্রে আমরা ট্রেইন এন্ড টেস্ট বা সিলেকশন লীগ পদ্ধতি অনুসরণের কথা বলে
আসছি। এই পদ্ধতির ইতিবাচক ফল ইতোমধ্যে আমরা পেয়েছি। খেলোয়াড়দের ম্যাচ
টেম্পারামেন্ট বৃদ্ধি এবং পারফরম্যান্স অ্যানজাইটি কাটিয়ে ওঠার জন্য
সিলেকশন প্রক্রিয়ার কোনো বিকল্প নেই।
এদিকে বাংলাদেশের জুনিয়র টেবিল
টেনিস দল আগামী ৮–১১ এপ্রিল ভারতের শিমলাতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান
রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণ করবে।
বর্তমানে
খেলোয়াড়রা বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। টুর্নামেন্টের
স্বার্থে খেলোয়াড়দের খুবই সীমিত (৩ দিনের) ঈদের ছুটি দেয়া হয়েছে।খেলোয়াড় খই
খই সাই মারমা, রেশমী তঞ্চঙ্গ্যা, ঐশি রহমান, নাফিজ ইকবাল এবং জয় ইসলাম-এর
জন্য এটি শেষ জুনিয়র টুর্নামেন্ট। শিমলা যাবার পূর্বে জুনিয়র দলের ৪ জন
বালক এবং ৪ জন বালিকা এই কমনওয়েলথ সিলেকশন ক্যাম্প খেলার সুযোগ পাবে।
