
মোহামেডান
স্পোর্টিং ক্লাব লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর পরিচালনা পরিষদের
ডাইরেক্টর ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন লোকমান হোসেন ভূঁইয়া।
তবে সর্বশেষ পরিষদে তিনি ছিলেন না। এক মেয়াদ বিরতি দিয়ে আবার পরিচালনা
পরিষদে এসেছেন তিনি এবং আবার পেয়েছেন ডাইরেক্টার ইন-চার্জের দায়িত্ব।
ঐতিহ্যবাহী
ক্লাবটির চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং পরিচালনা পরিষেদের
নির্বাচন সোমবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.) অসুস্থ থাকায় বার্ষিক
সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্যতম পরিচালক মাহবুব উল আনাম।
বার্ষিক
সাধারণ সভা শেষে পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খ্যাতিমান রাজনীতিক বরকত
উল্লাহ বুলু এমপি। ১৬ টি পরিচালক পদেও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হয়েছেন। তারা হলেন- মো. লোকমান হোসেন ভূইঁয়া, মাহবুব উল আনাম,
মোস্তফা কামাল, মো. মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, মো. এনায়েত হোসন
সিরাজ, খায়রুল কবির খোকন, মো. আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির
আহমেদ, এম এ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মান বিন
ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।
নির্বাচন
পরিচালনা করেন ক্লাবের স্থায়ী সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার
রুহুল কুদ্দুস কাজল। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ক্লাবের স্থায়ী সদস্য
আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক
খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু)।
মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলু, ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন
বার্ষিক
সাধারণ সভা ও নির্বাচনের পরপরই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত
হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বরকত উল্লাহ বুলু। সভায়
সর্বস্মতিক্রমে পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে ডাইরেক্টর ইন-চার্জ অফ
অ্যাডমিনিস্ট্রেশন, পরিচালক মাহবুব উল আনামকে ডাইরেক্টর ফাইন্যান্স ও
পরিচালক মো. মোস্তাকুর রহমানকে ডাইরেক্টর স্পোর্টস হিসেবে মনোনীত করা
হয়েছে।
এছাড়া ক্লাবের পরিচালক মোস্তফা কামালকে ফুটবল কমিটির
চেয়ারম্যান, মো. আবুল কালাম এমপি, এম এ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে
ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান মনোনীত করা
হয়েছে পরিচালক মাসুদুজ্জামানকে, হকি কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাজেদ এএ
আদেলকে এবং নারী উইংয়ের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে নিলোফার চৌধুরী মনিকে।
