পবিত্র
রমজান মাস এলেই কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় দেখা যায় এক ভিন্ন দৃশ্য।
কান্দিরপাড়, রাজগঞ্জ, শাসনগাছা, টাউন হল মোড় কিংবা প্রেসক্লাব এলাকায় যখন
মানুষ ইফতার প্রস্তুতিতে ব্যস্ত, তখন একদল স্বেচ্ছাসেবী ছুটে চলেন পথে থাকা
অসহায় মানুষের খোঁজে। টানা ছয় বছর ধরে তারা নিয়মিতভাবে সাহরি ও ইফতার
বিতরণ করে আসছেন।
২০২০ সালে শুরু হওয়া এই উদ্যোগ সময়ের সঙ্গে পরিণত
হয়েছে সুসংগঠিত মানবিক কর্মসূচিতে। নগরের কয়েকটি স্বেচ্ছাসেবী
সংগঠন-গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম, ক্বাদেরিয়া
ইসহাকিয়া ফাউন্ডেশন, ফাতিহা ফাউন্ডেশন, জাগরণ মানবিক সংগঠন, কুটুম বাড়ি
বিরিয়ানি হাউজ, গাজী মোঃ মন্তাজ উদ্দিন ফাউন্ডেশন ও কাজী ফাউন্ডেশন-এর
উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যক্তিগত অনুদান ও দানশীলদের
সহযোগিতায় প্রতিদিন শতাধিক মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।
কার্যক্রমটি
দুই ভাগে পরিচালিত হয়। প্রতিদিন বিকেলে ভ্রাম্যমাণ ইফতার বিতরণের মাধ্যমে
রিকশাচালক, দিনমজুর, পথচারী ও ভাসমান মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে
দেওয়া হয়। অন্যদিকে গভীর রাতে সরকারি হাসপাতাল এলাকা ও বিভিন্ন সড়কে
অবস্থানরত ছিন্নমূল মানুষ এবং রাতের কর্মজীবীদের জন্য গরম ভাত ও তরকারিসহ
সাহরি বিতরণ করা হয়।
উদ্যোগের সমন্বয়ক মোহাম্মদ জাবের হোসাইন বলেন,
“আমরা চাই, কেউ যেন ক্ষুধার্ত অবস্থায় রোজা না রাখেন। মানুষের মুখে হাসি
দেখাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি
বরাদ্দ ছাড়াই সাধারণ মানুষের অংশগ্রহণে টানা ছয় বছর ধরে চলমান এই কর্মসূচি
সামাজিক সংহতির উজ্জ্বল দৃষ্টান্ত। মানবতার এই উদ্যোগ কুমিল্লার ইতিবাচক
পরিচয়কে আরও শক্তিশালী করেছে।
এই কার্যক্রমে যুক্ত হতে যোগাযোগ করা যাবে- জাবের হোসাইন: ০১৯১৫১৩১২৪২, পিয়ারে মাহবুব: ০১৯১১০৪১৫০৮, সাজ্জাদ খান: ০১৮৩৮২৪৬৯২৯।
