ঢাকার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি
টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত
অধিদপ্তর (সিআইআইডি)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানিয়েছে, গোপন সংবাদের
ভিত্তিতে শুক্রবার বিমানবন্দরে অভিযান চালিয়ে ব্যাংককগামী বিএস-২১৭
ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় বিপুল
পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। তার কাছ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি
রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ জব্দ
করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০
টাকা।
এছাড়া একই ফ্লাইটের আরেক যাত্রী আল আমিন মোল্লার লাগেজ তল্লাশি
করে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল এবং ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। এসব
মুদ্রার আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।
দুই যাত্রীর
কাছ থেকে জব্দ করা মোট বৈদেশিক মুদ্রার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি
৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।
সিআইআইডি জানায়, এ
ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের
চলমান অভিযানের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা
হচ্ছে। এসব অভিযান রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য
ব্যবস্থাকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
