মালয়েশিয়ায়
অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হওয়া ৩০ জন বিদেশি
নাগরিকের বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে দোষ স্বীকার করায় ৪ জন বাংলাদেশি ও
২২ জন ইন্দোনেশিয়ানসহ মোট ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার
(২৭ ফেব্রুয়ারি) তেলুক ইনতান ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাইদাতুল
আথিরাহ আজমান এই অভিবাসীদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে এই রায় দেন।
অভিযুক্তদের
মধ্যে বাংলাদেশি নাগরিকসহ মোট ৮ জনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩-এর
৬(১)(সি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তাদের প্রত্যেককে ৪ মাসের
কারাদণ্ড এবং একটি করে বেত্রাঘাতের কঠোর নির্দেশ দিয়েছেন। যথাযথ নথিপত্র
ছাড়া অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের দায়ে তাদের এই দণ্ড দেওয়া হয় বলে জানা
গেছে।
অন্য ১৮ জন ইন্দোনেশিয়ান নাগরিককে ইমিগ্রেশন আইনের ১৫(১)(সি)
ধারায় ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযানের সময় আটক হওয়া বাকি ৪
জন ইন্দোনেশিয়ান নাগরিক আদালতে নিজেদের নির্দোষ দাবি করায় তাদের বিচার
প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ৪ জনের বিরুদ্ধে ১৫(১)(বি) ধারায়
মামলা দায়ের করা হয়েছে এবং আগামী ১ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন
ধার্য করেছেন আদালত।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি বাগান দাতুকের
সুঙ্গাই পায়ুং এলাকার একটি পাম অয়েল বাগানে সাঁড়াশি অভিযান চালিয়ে দেশটির
আইনশৃঙ্খলা বাহিনী এই ৩০ জন অভিবাসীকে আটক করে। অভিযুক্তদের বয়স ১৮ থেকে ৫৫
বছরের মধ্যে। বিচার চলাকালীন আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুর দারউইস
আগনিয়া হালিম আজিজি প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন, তবে অভিযুক্তদের
পক্ষেকোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
