
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে মহবুব আলী জাকী স্মৃতি অনূর্ধ্ব-১৭ টি-২০ কাপ ২০২৬-এর উদ্বোধনী দিনে জমজমাট দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় ৬০ রানের বড় জয় পেয়েছে স্টার ক্রিকেট একাডেমি। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন স্টার ক্রিকেট একাডেমির নাবিল মজুমদার।
দিনের অপর খেলায় দারুণ লড়াই শেষে জয় তুলে নিয়েছে কুমিল্লা ক্রিকেট একাডেমি। তারা কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানভীর আহমেদ সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া মঈন উদ্দিন ৩৪ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত খাত থেকে আসে ২৩ রান।
বল হাতে কুমিল্লা ক্রিকেট একাডেমির মোহাম্মদ সামির ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া আরাফাত ইসলাম ও সাকিবুল হাসান গুরুত্বপূর্ণ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা ক্রিকেট একাডেমি ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে এভাত হোসেন ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া প্রান্ত দাস ১৭ রান করেন এবং রাফাত উল্লেখযোগ্য অবদান রাখেন। অতিরিক্ত থেকে আসে ২৭ রান। ম্যাচসেরা নির্বাচিত হন এভাত হোসেন।
এর আগে সকালে জাকী স্মৃতি অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করেন কুমিল্লা জেলা দলের সাবেক ক্রিকেটার ও জেলা পিপি কাইমুল হক রিংকু। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ইলেভেন স্টার ক্লাবের সভাপতি বদরুল হুদা জেনু, টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান এমদাদুল হক এমদু, অর্গানাইজিং কমিটির কো-চেয়ারম্যান তারিকুল ইসলাম অসি, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও ইলেভেন স্টার ক্লাবের সেক্রেটারি এনামুল হক মনি, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. বক্তিয়ার গাজী, সদস্য আলামিন ভূঁইয়া, জেলা ক্রিকেট কোচ হাবীব মোবাল্লেগ জেমস, টেকনিক্যাল কমিটির সদস্য মো. রিয়াদ মজুমদার, মেডিকেল অফিসার স্মৃতি আচার্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহমুদ আলী আখি, সাবেক আম্পায়ার মনোয়ার হোসেন মনু, কুমিল্লা মহিলা কলেজের প্রিন্সিপাল মো. আসাদুর রশিদ আলমগীর, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান, সাবেক ক্রিকেটার মনসুর আলী বাকী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খায়রুল আলম সোহাগ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ইলেভেন স্টার ক্লাবের সহ-সভাপতি মুজিবুর রহমান এবং ইলেভেন স্টার ক্লাবের সদস্য এনামুল হক মাসুদসহ অনেকে।
উদ্বোধনী দিনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ও দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে।
