
ছেলেদের
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট রাউন্ড চলছে। যেখানে খেলছে না বাংলাদেশ।
তবে এরই মাঝে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে
নিগার সুলতানা জ্যোতির দল অংশ নেবে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপের
বাছাইপর্বে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচের সবকটিতেই জেতে
বাংলাদেশ। এবার বিশ্বকাপেও সেই ধারাবাহিক ফর্ম দেখানোর পালা।
আজ
(মঙ্গলবার) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি।
ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে।
যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ
দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান,
দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ,
ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বিশ্বকাপ
বাছাইপর্ব থেকে চার দল মূলপর্বে উঠেছে, এর মধ্যে বাংলাদেশ ‘এ’ গ্রুপে এবং
বাকি তিন দল (আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস) পড়েছে ‘বি’
গ্রুপে। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে
স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম
ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি
বিশ্বকাপ খেলতে নামবে।
আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব।
এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
