পবিত্র
রমজান মাসের প্রথম দিনেই কুমিল্লার ইফতারি বাজার গুলোতে জমে উঠেছে
কেনাবেচা। বিশেষ করে জিলাপির দোকান গুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া
ভিড় ও দীর্ঘ সারি। বিকেল গড়াতেই শহরের বিভিন্ন বাজারে ইফতার সামগ্রী কিনতে
সাধারণ মানুষের ঢল নামে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কুমিল্লা শহরের
কান্দিরপাড়, নিউমার্কেট, চকবাজারসহ বিভিন্ন এলাকায় জিলাপির দোকানের সামনে
দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় ক্রেতাদের।
অনেকেই জানান, ইফতারের
টেবিলে জিলাপি না থাকলে যেন রমজানের স্বাদই পূর্ণতা পায় না। তাই প্রতিদিনের
তালিকায় থাকছে এই জনপ্রিয় মিষ্টান্ন।
দোকানিরা জানান, গত বছরের তুলনায়
এবার জিলাপির চাহিদা বেড়েছে। বিকেল ২টা থেকেই তারা জিলাপি ভাজা শুরু করেন।
সন্ধ্যার আগেই অধিকাংশ দোকানে বিক্রি শেষ হয়ে যাচ্ছে। তবে ক্রেতাদের চাপে
অনেক সময় বাড়তি সরবরাহ করতেও হিমশিম খেতে হচ্ছে।
ক্রেতা আব্দুল করিম বলেন, রমজানের শুরুতেই বাজারে এমন ভিড় দেখে অবাক হয়েছি। তবুও পরিবারের জন্য জিলাপি কিনতেই লাইনে দাঁড়িয়েছি।
বিক্রেতারা
আরও জানান, তেল, চিনি ও গ্যাসের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়েছে। তবুও
ক্রেতাদের কথা বিবেচনায় রেখে দাম সহনীয় রাখার চেষ্টা করছেন তারা।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বাজারে ভেজাল ও অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
