কুমিল্লা
-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর এলাকায় একটি পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায়
দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৮ টা থেকে সকাল
১০ টা পর্যন্ত দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ছগুরা এলাকা থেকে বুড়িচং উপজেলার
দেবপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়। এতে
ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পুলিশ ও
ভোগান্তির শিকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৮ টার দিকে
সিলেটগামী পন্যবোঝাই একটি ট্রাক মহাসড়কের কংশনগর এলাকায় মাঝখানে বিকল হয়ে
যায়। এতে সড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কজুড়ে খানাখন্দের
কারণে যান চলাচলে ধীরগতি দেখা যায়। একপর্যায়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে
যায়।
সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রাকটির পিছনের দুই
চাকা খুলে মেরামত করার চেষ্টা করছেন চালক, হেলপার ও স্থানীয় কয়েকজন। পাশে
ভাঙা ইট দিয়ে যান চলাচলের চেষ্টা চালায়। কিন্তু সেখান দিয়ে চলাচল করতে গিয়ে
দুই পাশেই শত শত যানবাহন আবার আটকে যায়।
বিকল ট্রাকের হেলপার সিরাজ
আলী বলেন, কুমিল্লা সিলেট মহাসড়কের অধিকাংশ এলাকা ভাঙ্গাচোরা, এই সড়কে
প্রায়ই আসা যাওয়া হয়, আজকে ভাঙা গর্তে চাকা পড়ে বিকল হয়ে যায়। চাকা খুলে
এখন মেরামত করছি। আরও প্রায় ৩০ মিনিট সময় লাগতে পারে।
সুগন্ধা পরিবহনের
বাস চালক জসিম উদ্দিন বলেন, এই সড়কটি মানুষের জন্য বিষফোঁড়া। এ ভাঙাচোরা
সড়কে আর কত ভোগান্তি ভোগ করব। শত মত যাত্রীর কষ্ট হয়, সময়মত গন্তব্য পৌছাতে
পারিনা। এটি নামের মহাসড়ক কাজের মহাসড়ক নয়। আধাঘন্টা ধরে বসে আছি এই যদি
অবস্থা হয় দেশ কিভাবে চলবে।
মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী
বলেন, কংশনগর বাজার এলাকায় প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। এই যানজট কংশনগর
ছাড়িয়ে দেবিদ্বার পর্যন্ত চলে যায়। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুমিল্লা
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, কংশনগর এলাকায় একটি
ট্রাকের চাকা বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে ,সেখানে আমাদের একটি টিম কাজ
করছে । রাস্তাটি দুই লাইন হওয়ায় গাড়ি বিকল হলেই এ ধরনের যানজটের সৃষ্টি হয়
। ট্রাকটি মেরামত করা হচ্ছে । অল্প কিছুক্ষণের মধ্যেই যানবাহন চলাচল
স্বাভাবিক হবে।
