
সংসদ অধিবেশনে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী বরাবর কুমিল্লা ইপিজেডের বর্জ্য নিষ্কাশন পদ্ধতি নিয়ে ক্ষোভ ও তদন্তের আবেদনের পর মঙ্গলবার কুমিল্লা ইপিজেড পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালযের কর্মকর্তারা। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ইপিজেড এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল ইপিজেডের বর্জ্য শোধনাগার বা ইটিপি আউটলেটের তরল বর্জ্য নমুনা, পরিশোধিত নমুনা, সিটি কর্পোরেশনের ড্রেন থেকে তরল নমুনা সংগ্রহ করেন ।
এর আগে সোমবার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সংসদে ক্ষোভ প্রকাশ করে বলেন, কুমিল্লা ইপিজেডের অপরিচিত বর্জ্যের কারণে আশপাশের এলাকার কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বর্জ্যের কারণে নানান রোগাক্রান্ত হচ্ছেন। বিভিন্ন সময় এবিষয়ে অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়নি। তাই প্রধানমন্ত্রী বরাবর আবেদন যেন তিনি এই বিষয়ে নজর দেন।
পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক জমির উদ্দিন বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে ইপিজেডের তরল বর্জ্য এবং কঠিন বর্জ্যের নমুনা সংগ্রহ করেছি। যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায়ও আমরা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেছি। সব মিলিয়ে একটি পর্যবেক্ষণের পর ফলাফল দেয়া যাবে।
তিনি আরো বলেন, ইপিজেড কর্তৃপক্ষ বলছে তারা বর্জ্য পরিশোধন করে সেটি নিষ্কাশনের ব্যবস্থা করেন। তাই আমরা তাদেরকে বলেছি কুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধনাগারের আইপি ক্যামেরার ডিসপ্লের সামনে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রদর্শনের করতে। তাহলেই তো সাধারণ মানুষ বুঝতে পারবে যে কুমিল্লা ইপিজেড এর ইটিপি চলমান রয়েছে। আর যে জায়গায় পানিটি যাচ্ছে সেটি একটি নিম্নাঞ্চল, যে কারণে কোন অসুবিধা হচ্ছে কিনা আমরা সেটিও খতিয়ে দেখব।
কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, সেন্ট্রাল ইটিপি সিস্টেমের বাইরে আমাদের বর্জ্য নিষ্কাশনের আর কোন পথ নেই। কেউ যদি সেটি দেখাতে পারে তাহলে আমরা বিধি মোতাবেক সিইটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা শতভাগ বর্জ্য পরিশোধন করেই পানি বাইরে ছাড়ি। এছাড়া পরিবেশ অধিদপ্তর ও আমাদেরকে মনিটরিং করতে পারছে। তারা দেখছে যে আমাদের সকল প্যারামিটার সঠিকভাবে যাচ্ছে কিনা। এছাড়া আমাদের এনভারমেন্ট প্রতিদিন রিপোর্ট দিয়ে থাকেন। প্রতি মাসে মাসে টেস্ট করিয়ে রাখি। আমরা তো রিপোর্ট ভালো পাই। এছাড়া বুয়েট থেকে টেস্ট করানোর পর যে রিপোর্ট পাওয়া যায় সেগুলো পরিবেশ অধিদপ্তরের মানমাত্রাতেই থাকে।
তিনি আরো বলেন, আমাদের নয়টি আইপি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিকভাবে সিইটিপি মনিটর করা হচ্ছে। যদি তার ব্যত্যয় ঘটে তাহলে তো সেটি ধরাই পড়বে। প্রতিদিন ৮ হাজার কিউবিক লিটার সিইটিপিতে পরিশোধন করি আমরা।
সেখানে উপস্থিত কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন চিশতী বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের কোন বর্জ্যের কারণে এই দূষণ হচ্ছে না। কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্যান্য ড্রেনেড শাখা থেকে যে পানি বের হচ্ছে সেগুলো আর ইপিজেড এর ড্রেন থেকে যে পানি বের হচ্ছে সেটির মান পরীক্ষা করে তুলনা করলেই বোঝা যাবে আসলে কি ব্যত্যয় ঘটছে। আমরা ইপিজেডের বিপক্ষে নই, তবে আমরা আশা করছি তারা দিনদিন তাদের পরিশোধনাগারের ব্যবস্থাটি আরো উন্নত করবে। যেহেতু উন্নয়ন হচ্ছে তাই আমরা চাই এর একটি সমাধান হোক।
তিনি আরো বলেন, ইতোমধ্যে যে দূষণ হয়ে গেছে তা আর ফেরানো যাবে না। কুমিল্লার মানুষ সচেতন তাই হয়তো বারবার প্রতিবাদ করে। যে কারণে হয়তো ইপিজেড বাধ্য হচ্ছে তা পূর্বের অবস্থা থেকে ফিরে আসার জন্য। উন্নয়ন হলে দূষণ হবেই -তাই আমরা চাই এর দ্রুত সমাধান হোক।
পরিদর্শক টিমে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লার উপ পরিচালক সালমান চৌধুরী শাওন, সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ।
অভিযোগ রয়েছে কুমিল্লা ইপিজেড এর বর্জ্য পরিশোধন না করেই খালে ও কৃষি জমিতে ছেড়ে দেয়ায় কুমিল্লা সদর দক্ষিণ এলাকার ইপিজেড সংলগ্ন দক্ষিণের অধিকাংশ কৃষি জমি বিনষ্ট হচ্ছে। এছাড়া খালে পড়ায় সেখানে মৎস্য ও পানি সম্পদ নষ্ট হচ্ছে। যারা এসব পানিতে নেমে কাজ করছেন সেখানের মানুষজন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এবং এই বর্জ্য থেকে যে গন্ধ বের হয় তা বাতাসকে দূষিত করছে। তবে এসব সকল অভিযোগে সব সময় অস্বীকার করেছে কুমিল্লা ইপিজেড।
