কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকার পৃথক দুইটি স্থানে তিনটি বড় গাছের এক তৃতীয়াংশ কেটেছে দূর্বৃত্তরা। দাঁড়িয়ে থাকা গাছগুলো পড়ে যে কোন মুহুর্তে বিপদের শঙ্কায় বুধবার দুপুরে সম্পূর্ণ কেটে সরিয়ে নিয়েছে সওজ বিভাগ। তবে ডাকাতি না নাশকতার উদ্দেশ্যে দূর্বৃত্তরা গাছগুলো কেটেছে?-এমন প্রশ্ন সচেতন মহলের।
স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার সীমান্ত সংলগ্ন চৌদ্দগ্রামের লাটিমী রাস্তার মাথার বাঁশতলা এলাকায় একটি গাছ এবং উপজেলার উত্তরে মিয়াবাজার সংলগ্ন ফুড প্যালেসের সামনে দুইটি বড় গাছের এক তৃতীয়াংশ কেটে ফেলে রাখে দুর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে, বুধবার ভোর রাতের যে কোন সময়ে দুর্বৃত্তরা গাছগুলো কেটে রাখে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ঘোষিত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউন ও ধর্মঘট পালনের লক্ষ্যে গাছগুলো কাটা হয়েছে কিংবা সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে গাছ কাটা হয়েছে-এমন প্রশ্নের উত্তর দিতে পারছে না কেউ। তবে সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় টের পেয়ে বিষয়টি চৌদ্দগ্রাম মডেল থানা, মিয়াবাজার হাইওয়ে থানা, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সহায়তায় গাছগুলো কেটে অপসারন করে সওজ বিভাগ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের গাছ কেটে অবরোধ করার পরিকল্পনার অংশ হিসেবে গাছগুলো কেটেছে। আবার কেউ কেউ দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের আন্দোলনের সুযোগে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যেই গাছগুলো কেটে রেখেছে। সুযোগ বুঝে ভোর রাতে মহাসড়কে ডাকাতি করে তারা লাভবান হবে। মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে পথচারীরা প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, খবর পেয়ে দ্রুততর সময়ে গাছের বাকি অংশ কেটে গাছগুলো অপসারণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার বলেন, গাছগুলো দাঁড়ানোই ছিল। বিপদ এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় সওজ বিভাগ গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মহাসড়কের লাটিমী অংশে কে বা কারা একটি মোটা গাছের এক তৃতীয়াংশ কেটে রাখে। গাছটি যে কোন মহাসড়কে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে মর্মে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিস ও পুলিশকে জানায়। দ্রুত ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের লোকজন গাছটি কেটে সরিয়ে রাখা হয়।
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দঃ গোলাম মোস্তফা বলেন, ‘মহাসড়কের পাশের গাছ এক তৃতীয়াংশ কাটা অবস্থায় দেখে স্থানীয় লোকের মারফতে খবর পেয়ে দ্রুত সওজ কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে গাছটি সম্পূর্ণ কেটে সওজের হেফাজতে নেয়া হয়েছে’।
