সৈয়দ মুজিবুর রহমান দুলাল ।।
কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগের তিন নেতাসহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৮ নভেম্বর) থানার আইনী কার্যক্রম শেষে দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। আগেরদিন মঙ্গলবার রাতে লাকসাম পৌরশহর এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদেরকে পুলিশ গ্রেপ্তার করেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগের তিন নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের মো. সুরুজ মিয়া (৭০), একই ইউনিয়নের নৈরপাড় গ্রামের আমির হোসেন (৫৪), এবং উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের মাঈন উদ্দিন (৩৮)।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সক্রিয় রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) একটি মামলায় (নং- ০৫/১৩৯ তারিখ-১০.১১.২০২৬ খ্রিঃ) গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠিয়েছেন।
এ ছাড়া, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিনয়ই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়াকুব (২০), একই গ্রামের জামাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯), ওই ওয়ার্ডের কোমারডোগা গ্রামের মোবারক আলীর ছেলে রবিউল হোসেনকে (১৯) পুলিশ আইনের ৩৪ (৬) ধারায় এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দরবেশ পাড়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে জিহাদ হোসেনকে (২৬) বিদ্যূৎ আইনের-২০১৮ এর ৩৫ ধারা মামলায় (নং-১০/১১১ তারিখ-১৪.০৯.২০২৬ খ্রিঃ) কুমিল্লার আদালতে পাঠিয়েছেন পুলিশ।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতাসহ সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
