ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজার ৩৯০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার ও মঈনপুর বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়৷ অভিযানে একজনকে আটক করা হয়। এ সময় ভারতীয় অবৈধ আতশবাজি, তালা, গরু, আমুল কুল, অলিভ অয়েল, সাবান, ভ্যাসলিন, বিস্কুট, গাঁজা, মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ২৬ হাজার ৩৯০ টাকা। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
