বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১০.১১.২০২৬ ১:৪১ এএম |

চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাবনিজস্ব প্রতিবেদক: 
কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করাসহ দেশে নতুন একটি পৌরসভা, দুটি থানা, একটি পুলিশ তদন্তকেন্দ্র এবং দুটি অধিদফতর গঠনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তনের প্রস্তাবও উঠছে। এসব বিষয়ে সোমবার সচিবালয়ে প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে সাতটি প্রস্তাব উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। এতে মুখ্য সচিবসহ প্রায় সব সচিব উপস্থিত থাকবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের পাওয়া প্রস্তাব অনুযায়ী, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর’ করার প্রস্তাব দিয়েছে আইন ও বিচার বিভাগ।
অন্যদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (বাপাউবো) ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ করার প্রস্তাব করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। এ ছাড়া সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি প্রস্তাবও বৈঠকের কার্যতালিকায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করা এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপন।
এ ছাড়া জয়পুরহাটের কালাই থানার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপনের প্রস্তাব রয়েছে। ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার প্রস্তাবও কার্যতালিকায় রাখা হয়েছে।
জানা গেছে, জৈন্তাপুর পৌরসভা গঠনের লক্ষ্যে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি একটি আধাসরকারি পত্র (ডিও) দেন। নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত পৌরসভাটি গঠিত হতে পারে। বিভিন্ন প্রক্রিয়া শেষে প্রস্তাবটি এবার প্রাক-নিকার বৈঠকে উঠছে।
অন্যদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেছে পানিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন স্বাক্ষরিত একটি সারসংক্ষেপ গত ১৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
সারসংক্ষেপে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ড ৬৫ বছরের বেশি সময় ধরে দেশের পানিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি অন্যান্য প্রকৌশল সংস্থার মতো একই ধরনের সেবা দিলেও শুধু ‘বোর্ড’ হিসেবে পরিচিত হওয়ায় সংস্থাটি বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক জটিলতার মুখে পড়ছে।
এতে আরও বলা হয়, সামাজিক সুরক্ষা ও মর্যাদাগত বৈষম্যের কারণে বোর্ডে নিয়োগ পাওয়া বেশির ভাগ প্রকৌশলী ও কর্মচারীর মধ্যে ক্যাডার সার্ভিসভুক্ত বিভিন্ন অধিদপ্তর ও সংস্থায় চাকরির প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। ফলে বোর্ডের দক্ষতা ও কাজের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে।
মন্ত্রণালয়ের সারসংক্ষেপে সরকারের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্য নিয়েছে সরকার।
এসব লক্ষ্য বাস্তবায়নে খাল খনন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক বৃক্ষরোপণ, বনাঞ্চল, জলাভূমি ও চারণভূমি সংরক্ষণের কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি ভূগর্ভস্থ পানি সংরক্ষণ, কৃষিজমির লবণাক্ততা দূরীকরণ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের উদ্যোগও রয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে বাপাউবোর সংশ্লিষ্টতা রয়েছে বলে সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, নিকার বা প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি সচিবদের নিয়ে গঠিত একটি কমিটি। দেশে নতুন জেলা, উপজেলা, থানা, সিটি করপোরেশন ও পৌরসভা গঠন কিংবা প্রশাসনিক সীমানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব এ কমিটি বিবেচনা করে।
প্রাক-নিকার সচিব কমিটির সভা মূলত নিকারের বৈঠকের আগে প্রস্তাবগুলো যাচাই-বাছাইয়ের প্রস্তুতিমূলক সভা। এ সভায় কোনো প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেলেই তা চূড়ান্ত অনুমোদন পায় না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নিকারের অনুমোদন প্রয়োজন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২