ইসমাইল নয়ন:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই শাস্তি দেওয়া হয়। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না- সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
গত ৮ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৮ আগস্ট ২০২৬ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সালিশে নারীকে প্রহারের বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান কর্তৃক সংঘটিত এ ধরনের অপরাধমূলক কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পরিপন্থী এবং তা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত।
একই দিনে আরেকটি পৃথক স্মারকে চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী কেন তাকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তার লিখিত জবাব জেলা প্রশাসকের মাধ্যমে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, আমার কাছে এরকম একটা চিঠি এসেছে আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করব।
এর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত এক সালিশ বৈঠকে প্রকাশ্যে ওই নারীকে জুতাপেটা করে চেয়ারম্যান ফরিদ উদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সালিশে উপস্থিত শত শত মানুষের সামনে ২৪ থেকে ২৫ বছর বয়সি ওই নারীকে মাটিতে বসিয়ে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। একপর্যায়ে তিনি ওই নারীর মাথা নিচের দিকে চেপে ধরে পেটে জুতা দিয়ে আঘাত কতে থাকেন। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এলাকায় ও দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
