ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া গ্রামের ইছামতি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—উপজেলার রামনগর গ্রামের হালিমের ছেলে জুনায়েদ (১০) ও গোপালনগর উত্তরপাড়া গ্রামের কাউসারের ছেলে হাসিব (৯)। স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ গোপালনগর উত্তরপাড়ায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করত। আর হাসিব একই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও স্বজন স‚ত্রে জানা যায়, আজ সকালে জুনায়েদ ও হাসিব অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে শিশু দুটি পানিতে তলিয়ে যায়। সংগে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনরা এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন।
পরে দ্রæত দুজনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। বিষয়টি নিশ্চিত হতে ইসিজি পরীক্ষা করা হয় এবং পরবর্তীতে তাদের মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজখবর নিয়েছে।
একসঙ্গে দুই শিশুর এই করুণ মৃত্যুতে গোপালনগর উত্তরপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
