দীর্ঘ
চার থেকে পাঁচ বছর ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে ছিল কুমিল্লা সদর
দক্ষিণ উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টি হলেই
বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যেত। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের কষ্ট করে
পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হতো। বিশেষ করে বর্ষাকালে মাঠে পানি জমে থাকায়
শিক্ষার্থীদের উপস্থিতির হারও উল্লেখযোগ্যভাবে কমে যেত।
স্থানীয়দের
অভিযোগ, বছরের পর বছর ধরে এ সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বিভিন্ন সময়ে
সরকার পরিবর্তন হলেও বিদ্যালয়ের এই দুরবস্থা দূর করতে কার্যকর কোনো উদ্যোগ
নেওয়া হয়নি। প্রশাসনিকভাবেও সমস্যাটির সমাধান হয়নি।
তবে সম্প্রতি
বিদ্যালয়টির চিত্র পাল্টে দিয়েছেন এলাকার কৃতী সন্তান, শিক্ষানুরাগী ও
বিশিষ্ট সমাজসেবক আবদুল হালিম মজুমদার। প্রায় এক মাস আগে তাঁর ব্যক্তিগত
উদ্যোগ ও অর্থায়নে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের
বারান্দার দেয়াল ইট দিয়ে উঁচু করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়।
শুধু
জলাবদ্ধতা দূর করাই নয়, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্যও তিনি
ব্যক্তিগতভাবে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছেন। তাঁর এই উদ্যোগের ফলে
বর্তমানে বিদ্যালয়ে একটি সুন্দর ও মনোরম শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও
গতিশীল হয়েছে।
স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা আবদুল হালিম
মজুমদারের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, একজন সমাজসচেতন ও
শিক্ষাবান্ধব মানুষের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান
হওয়ায় বিদ্যালয়টি নতুন প্রাণ ফিরে পেয়েছে।
